Home চট্টগ্রাম জাহাজ কিনতে এফডিআর, বিএসসির মুনাফায় ধস

জাহাজ কিনতে এফডিআর, বিএসসির মুনাফায় ধস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নতুন জাহাজ ক্রয়ের জন্য স্থায়ী আমানত (এফডিআর) ব্যবহার করায় বড় ধরনের আর্থিক ধাক্কা খেয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬১ শতাংশ কমেছে।
বিএসসি সূত্রে জানা গেছে, মূলত নতুন জাহাজ কেনার অর্থ সংস্থান করতে গিয়ে ব্যাংকগুলোতে থাকা বড় অংকের স্থায়ী আমানত নগদায়ন করা হয়েছে। এর ফলে আমানত থেকে অর্জিত সুদের আয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় সামগ্রিক মুনাফায় এই নেতিবাচক প্রভাব পড়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বিএসসির নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৩৭.৬০ মিলিয়ন টাকা, যা গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ছিল ৭৫৫.৫ মিলিয়ন টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে প্রায় ১১৭.৯ মিলিয়ন টাকা।
মুনাফা কমায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের ৪.৯৫ টাকা থেকে কমে ৪.০৮ টাকায় নেমে এসেছে। এছাড়া বিএসসির রাজস্ব আয়ও গত বছরের তুলনায় প্রায় ১২০ মিলিয়ন টাকা হ্রাস পেয়েছে।
নতুন জাহাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা
বিএসসি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি’ থেকে ‘বাংলার প্রগতি’ এবং ‘বাংলার নবযাত্রা’ নামে দুটি বাল্ক ক্যারিয়ার তাদের বহরে যুক্ত করেছে। চীনের শিপইয়ার্ডে নির্মিত এই জাহাজ দুটি কিনতে মোট খরচ হয়েছে ৭৬.৭ মিলিয়ন ডলার বা প্রায় ৯৩৫ কোটি টাকা।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানান, জাহাজ দুটি কেবল অপারেশন শুরু করেছে। ফলে এ থেকে কাঙ্ক্ষিত রিটার্ন আসতে কিছুটা সময় লাগছে। তবে আগামী দুই থেকে তিন প্রান্তিকের মধ্যে রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বর্তমানে বিএসসি তাদের বহরে থাকা ট্যাংকার এবং বাল্ক ক্যারিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য ও জ্বালানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাময়িকভাবে মুনাফা কমলেও দীর্ঘমেয়াদে এই নতুন সংযোজন প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভিজিট করুন www.businesstoday24.com