বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হতে না হতেই সিলেটে একের পর এক উদ্ধার হচ্ছে উচ্চমাত্রার বিস্ফোরক সরঞ্জাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৪টি পাওয়ার জেল ও ১৪টি ডেটোনেটর উদ্ধার করেছে র্যাব-৯।
নির্বাচনের আগে সীমান্তঘেঁষা এলাকাগুলো থেকে এসব সরঞ্জাম উদ্ধার হওয়ায় জনমনে দানা বাঁধছে আতঙ্ক ও নানা প্রশ্ন।
জৈন্তাপুরে র্যাবের সফল অভিযান
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জৈন্তাপুর ইউনিয়নের কাটাগাং এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতর থেকে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সরঞ্জামগুলো উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। তিনি বলেন, “প্রাথমিক ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
সীমান্ত এলাকায় বাড়ছে উদ্বেগ
এটিই প্রথম নয়; এর আগে গত ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছিল। সে সময় চারাগাঁও সীমান্তের পলিথিনে মোড়ানো অবস্থায় শুকনো পাতার নিচে লুকানো ছিল এই সরঞ্জামগুলো।
বিশেষজ্ঞরা বলছেন, এসব ডেটোনেটর দিয়ে অত্যন্ত শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব।
নাগরিক সমাজের শঙ্কা
নির্বাচনকালীন সময়ে এই ধরনের বিস্ফোরক উদ্ধারকে মোটেও হালকাভাবে দেখছেন না সংশ্লিষ্টরা। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, “নির্বাচন অতি সন্নিকটে। এ সময় উচ্চমাত্রার বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবরগুলো খুবই উদ্বেগজনক।
সীমান্ত দিয়ে এসবের অনুপ্রবেশ শুধু নির্বাচনকেই নয়, বরং পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে। বিষয়টিকে দ্রুত ও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কোনো চক্র এসব সরঞ্জাম সংগ্রহ করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। একইসাথে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।