বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত ২৫ এপ্রিল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশ থেকে এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে তিনি ছিনতাইকারী চক্রের কবলে পড়ে প্রাণ হারান।
র্যাব জানায়, ঘটনার দিন রাতে জাগুরঝুলি বিশ্বরোড এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন বুলেট বৈরাগী। ওই গাড়িতে আগে থেকেই যাত্রী সেজে বসে ছিল ছিনতাইকারী চক্রের সদস্যরা। চলন্ত গাড়িতে তারা অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ও মালামাল লুটের চেষ্টা করে। একপর্যায়ে কোটবাড়ি এলাকায় পৌঁছালে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই চাঞ্চল্যকর ঘটনায় নিহতের মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৬ এপ্রিল র্যাব-১১ প্রযুক্তির সহায়তায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, এমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মো. সুজন। তাদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগ, পোশাকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, সুইচ গিয়ার ও সিএনজি জব্দ করা হয়েছে।
কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে রেল ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা নিয়মিতভাবে গভীর রাতে যাত্রীদের টার্গেট করে সর্বস্ব লুটে নিত। এই ঘটনায় আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।