বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে খালার বাড়িতে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। গত ২৭ এপ্রিল (সোমবার) রাত ১০টা থেকে পরদিন ২৮ এপ্রিল ভোরের মধ্যে এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা বাদী হয়ে শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় চারজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ওই রাতে তরুণী তার খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন। পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অন্য সহযোগীরা তাকে ভয় দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে যায় এবং সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনাটিকে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর হিসেবে দেখছে পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া জোরালোভাবে এগিয়ে চলছে।
আরও নানা বিষয় জানতে ভিজিট করুন: www.businesstoday24.com এই বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকলে আমাদের জানান।