বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফরিদপুর: ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি জানান, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে এবং বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ সহজতর করতে তারা আন্তরিক মনোভাব দেখিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে শামা ওবায়েদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন: “আমি এখানে মন্ত্রী বা এমপি হিসেবে আসিনি, আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সহায়তা অব্যাহত থাকবে।”
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, নতুন সরকার গঠনের পর জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তারা নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং যেকোনো বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।










