বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: মতলব দক্ষিণে একটি মাদ্রাসার তিনতলার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে আটকে পড়া এক শিশু শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে মতলব পৌর এলাকার মারকাযুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা ভবনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় প্রায় ১৫ মিনিটের চেষ্টায় শিশুটিকে নিরাপদ অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হয়।
উদ্ধার হওয়া ১০ বছর বয়সী মো. ওমর ফারুক ওই মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া গ্রামের মজিবুর রহমান প্রধানের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যখন মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী ঘুমে ছিল, তখন ওমর ফারুক সবার অগোচরে ওয়াশরুমে যায়। সেখান থেকে ভেন্টিলেটরের রেলিং গলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে সে মাঝপথে আটকে পড়ে। শিশুটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১৫ মিনিটের বিশেষ উদ্ধার অভিযানে কোনো বড় ধরনের চোট ছাড়াই শিশুটিকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাবিবুর রহমান জানান, দুপুরে সবাই যখন বিশ্রামে ছিল, তখন ওমর ফারুক না ঘুমিয়ে পালানোর চেষ্টা করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ব্যবস্থা নেন।
শিশুটির মা ফারহানা আক্তার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বিষয়টি অবহিত করেন এবং বর্তমানে শিশুটি মাদ্রাসাতেই সুস্থ অবস্থায় রয়েছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। বিশেষ কৌশলে আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।
ভিজিট করুন: www.businesstoday24.com










