Home First Lead পাকিস্তানের অনুরোধে ইরানের সাথে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প

পাকিস্তানের অনুরোধে ইরানের সাথে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প

আলোচনার টেবিলে ফেরার শেষ সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক ঘোষণায় ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তটি মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তেহরান একটি “একীভূত প্রস্তাব” জমা না দেওয়া পর্যন্ত এবং আলোচনা কোনো একটি যৌক্তিক সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ইরান সরকার বর্তমানে অভ্যন্তরীণভাবে বেশ বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাই পাকিস্তানের নেতৃত্বের অনুরোধে তিনি মার্কিন বাহিনীকে আক্রমণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে এবং মার্কিন সামরিক বাহিনী যেকোনো সময় অ্যাকশনে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যার মেয়াদ ২১ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ট্রাম্পের এই নমনীয়তা কূটনৈতিক অঙ্গনে নতুন আশার আলো দেখাচ্ছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মহানুভবতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, পাকিস্তান শুরু থেকেই একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করে যাচ্ছে এবং আশা করছে যে ইসলামাবাদে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার আলোচনায় একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে।

তবে আলোচনার টেবিলে এখনো অনিশ্চয়তার মেঘ কাটেনি। তেহরান এখনো এই আলোচনায় বসার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন কর্মকাণ্ডকে “সামুদ্রিক জলদস্যুতা” হিসেবে অভিহিত করে ওয়াশিংটনের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানের তেলবাহী জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে মার্কিন হামলার পর থেকে যে অস্থিরতা শুরু হয়েছিল, তা নিরসনে পাকিস্তান একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এখন বিশ্ব তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। যদি ইরান একটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনায় না আসে, তবে ট্রাম্প আবারও সামরিক পথে হাঁটার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

ভিজিট করুন: www.businesstoday24.com