আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহৃত ১৩ জন বাংলাদেশি অভিবাসীকে সফলভাবে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থার (Anti-Illegal Migration Agency) ইস্ট ত্রিপোলি শাখা। জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ তুলে এক সিরীয় নাগরিককে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
লিবিয়া অবজারভারসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এজেন্সির অফিশিয়াল ফেসবুক পেজের বিবৃতি অনুযায়ী, সম্প্রতি দেশে আসা অভিবাসীদের লক্ষ্য করে একটি সুসংগঠিত অপরাধী চক্র বাংলাদেশে তাদের পরিবার ও স্বজনদের ব্লাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইস্ট ত্রিপোলি অভিবাসী আটক কেন্দ্রের ‘ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যারেস্ট ইউনিট’ ঘটনার প্রাথমিক অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে।
পরবর্তীতে তদন্তকারীরা জিম্মি বাংলাদেশিদের আটকে রাখার সুনির্দিষ্ট স্থান এবং ঘটনার মূল সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। পাবলিক প্রসিকিউশনের কাছ থেকে আইনগত অনুমোদন পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি ওই আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে ১৩ জন বাংলাদেশিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকেই মূল অভিযুক্ত সিরীয় নাগরিককে আটক করা হয়।
ইস্ট ত্রিপোলি ব্রাঞ্চের বিবৃতিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন তথ্য-প্রমাণ সামনে উপস্থাপন করা হলে অভিযুক্ত ব্যক্তি জিম্মি ও মুক্তিপণ আদায়ের বিষয়টি স্বীকার করে। তার স্বীকারোক্তি আনুষ্ঠানিকভাবে রেকর্ড এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হলে আদালত তদন্তের স্বার্থে অভিযুক্তের বিচারপূর্ব আটকাদেশ (Pretrial Detention) মঞ্জুর করেন। অপরাধী নেটওয়ার্কের অন্য সদস্যদের শনাক্ত করতে লিবীয় কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।