বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। তাকে বহন করার জন্য অসপ্রে এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৪ ডিসেম্বর) বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের সদস্যদের সম্মতিতে হাদিকে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। গত দুই দিন ধরে সরকার তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল। অবশেষে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবহিত করা হয়। এরপরই দ্রুত তাকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।
হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন এবং হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সবকিছু ঠিক থাকলে (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।









