উন্নত চিকিৎসার ব্যয় বহন করবে সরকার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে তাকে নিতে সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। পরবর্তী সময়ে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়।
চিকিৎসা ব্যয় ও সরকারি সহায়তা
শরিফ ওসমান হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে নিশ্চিত করেছে সরকার। সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।”
এ সময় দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি জানান, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার নির্দেশনা ও তত্ত্বাবধান
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত রোববারই হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। চিকিৎসার জন্য গত দুই দিন ধরে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার পথে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি গত কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন।










