Home নির্বাচন খাগড়াছড়ির রাজনীতির মাঠে নতুন মোড়: স্বতন্ত্র প্রার্থী সমীরণ

খাগড়াছড়ির রাজনীতির মাঠে নতুন মোড়: স্বতন্ত্র প্রার্থী সমীরণ

সমীরণ দেওয়ান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের আসন্ন নির্বাচনে রাজনীতির হাওয়া বইছে ভিন্ন রূপে। চমক সৃষ্টি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান।

 সোমবার বিকাল ৪টায় তারই ঘনিষ্ঠ সহচর, স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুরুষোত্তম চাকমা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই পদক্ষেপ খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

স্মরণ করা যেতে পারে, ২০০৮ সালের নির্বাচনে সমীরণ দেওয়ান এই আসন থেকে বিএনপির হয়ে লড়েছিলেন। স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি জেলার উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন, তা আজও মানুষের মুখে মুখে। স্বচ্ছতা ও জনসেবার কারণে তিনি এলাকায় ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে সুপরিচিত।

মনোনয়নপত্র সংগ্রহের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা গফুর তালুকদার, যুব নেতা সাইফুল ইসলাম, বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা সহ আরও অনেক পরিচিত মুখ। তাদের উপস্থিতি সমীরণ দেওয়ানের প্রতি স্থানীয় সমর্থনকেই ইঙ্গিত করে।

এখন দেখার বিষয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমীরণ দেওয়ানের এই আগমন খাগড়াছড়ি-২৯৮ আসনের নির্বাচনী সমীকরণকে কোন দিকে নিয়ে যায়।