Home চট্টগ্রাম বর্ণিল আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ

বর্ণিল আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: ‘দুরন্ত বৈশাখে, মাতি উৎসবে’—এই প্রাণের স্পন্দনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সাউদার্ন বৈশাখী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলীসহ উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ জমির উদ্দিন ও সদস্য সচিব সাইফুল্লাহ চৌধুরী। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই আনন্দ আয়োজনে শামিল হন।
এবারের বৈশাখী মেলার মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিচালিত ১২টি স্টল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি এবং দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সৃজনশীলতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে ফার্মেসি বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইসলামিক স্টাডিজ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ। অন্যদিকে, সাংস্কৃতিক প্রতিযোগিতার মঞ্চ মাতিয়ে প্রথম স্থান দখল করে নেয় ইংরেজি বিভাগ। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেয় ব্যবসায় প্রশাসন ও ফার্মেসি বিভাগ।
সকাল থেকেই পুরো ক্যাম্পাস ছিল উৎসবের রঙে রঙিন। বাসন্তী শাড়ি, বেলি ফুলের মালা আর পাজামা-পাঞ্জাবিতে শিক্ষার্থীদের সাজে ফুটে ওঠে চিরায়ত বাঙালিয়ানা।
‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের সুর আর নাচের ছন্দে পুরো বিশ্ববিদ্যালয় যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। অতীতের সব গ্লানি ও দুঃখ মুছে ফেলে নতুন স্বপ্নের প্রত্যাশায় একে অপরকে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
একটি সুখী, সমৃদ্ধ আগামী এবং শিক্ষার আলোয় আলোকিত জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করে এই আনন্দঘন বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
 নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন