বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাঙ্গামাটি: সোমবার বেলা ১১ টার দিকে দীঘিনালা-সাজেক সড়কে পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এতে কেউ হতাহত হয়নি, তবে ভাংচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক নিয়ে সাজেক যাওয়ার পথে শুকনাছড়ি এলাকায় গাড়িগুলো লক্ষ্য করে গুলি হয়েছে। ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। একই স্থানে সেসময় পর্যটকবাহী একটি মাহিন্দ্রা, একটি পিকআপ এবং একটি প্রাইভেট কার ভাঙচুর করে ইউপিডিএফ সমর্থিত নেতাকর্মীরা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। ৩টি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।










