Home আন্তর্জাতিক চলন্ত গাড়িতে গুলিবর্ষণ: প্রাণ হারালেন টিকটকার সামসু বিবি

চলন্ত গাড়িতে গুলিবর্ষণ: প্রাণ হারালেন টিকটকার সামসু বিবি

বিনোদন ডেস্ক
বিনোদনের দুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় পাকিস্তানি টিকটকার এবং কনটেন্ট ক্রিয়েটর সামসু বিবি—যিনি মূলধারায় আয়েশা গিলামানা নামে পরিচিত—নির্মমভাবে খুন হয়েছেন। মাত্র ২৮ বছর বয়সে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর লাখ লাখ অনুরাগী। টিকটকে তাঁর জনপ্রিয়তার সুবাদে এই খবরে গোটা বিনোদন অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট মর্মান্তিক এই ঘটনাটি ঘটে পাকিস্তানের ট্যাক্সিলা এলাকায়। ঘটনার দিন বিকেলে ‘কাশী’ বা ‘কাশীফ’ নামের এক ব্যক্তি আয়েশাকে ফোন করে জরুরি ভিত্তিতে ঘরের বাইরে আসতে বলে। ওই আহ্বানে সাড়া দিয়ে আয়েশা তার ১৫ বছরের ছোট বোন অসিমা এবং ভাই নিয়মাতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে বের হন। তিনি নিজে গাড়ি ড্রাইভ করছিলেন। পথিমধ্যে একটি পেট্রল পাম্পের কাছাকাছি পৌঁছালে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে এসে তাদের গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়।
দুষ্কৃতকারীদের ছোড়া একটি গুলি সরাসরি আয়েশার ঘাড়ে গিয়ে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, গুলিবর্ষণের শব্দে চালক ও আয়েশার ভাই নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সজোরে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, ফলে তাঁর ছোট বোন অসিমাও গুরুতর আহত হন।
নিহত আয়েশার বাবা ফজল সাহেবজাদা স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, কিছুদিন ধরে আয়েশাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কাওসার এবং জাভেদ নামের কিছু ব্যক্তির সঙ্গে তাঁর আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল এবং টাকা ফেরত চাওয়ার জেরে তাঁকে এই হুমকিগুলো দেওয়া হতো। এমনকি এই বিষয়ে এর আগে ইসলামাবাদে একটি অভিযোগও দায়ের করেছিলেন এই সোশ্যাল মিডিয়া স্টার।
পুলিশ এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের তদন্ত বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দুই সন্দেহভাজনকে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, নেপথ্যে থাকা আসল রহস্য উন্মোচন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
টিকটকে প্রায় ১৩ লাখের বেশি ফলোয়ার্স নিয়ে ডিজিটাল বিনোদন জগতে বেশ পরিচিত মুখ ছিলেন আয়েশা। তাঁর এই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। নেটিজেন ও ভক্তরা দ্রুত ন্যায়বিচার দাবি করে শোক প্রকাশ করছেন।