বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর রমনা থানায় আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবারের এই ঝটিকা সফরে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও আগমনের কারণ জানতে চান। প্রায় ১১ মিনিটের এই সংক্ষিপ্ত অবস্থানে তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। বিশেষ করে হাজতখানার ধারণক্ষমতা, পরিবেশ এবং সেখানে থাকা ব্যক্তিদের খাবারের মান ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত খোঁজ নেন।
কর্তব্যরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি ওসিকে উদ্দেশ্য করে মন্ত্রী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন থানায় কোনো অবৈধ সুবিধা নিতে না পারে।
এ ছাড়া সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সততা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।