Home চট্টগ্রাম হাম-রুবেলা মুক্ত চট্টগ্রাম গড়তে মেয়রের ঘোষণা: লক্ষ্য ৩ লক্ষাধিক শিশু

হাম-রুবেলা মুক্ত চট্টগ্রাম গড়তে মেয়রের ঘোষণা: লক্ষ্য ৩ লক্ষাধিক শিশু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার সুরক্ষাকবচ পরানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত মাসব্যাপী এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চসিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এই তথ্য নিশ্চিত করেন।
মেয়রের বক্তব্য অনুযায়ী, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত ব্যাধি যা শিশুদের নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেয়। এই ঝুঁকি এড়াতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৩০০ শিশুকে টিকার লক্ষ্যমাত্রায় আনা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন (ছুটির দিন বাদে) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর ৭টি জোনের ৪১টি ওয়ার্ডে টিকাদান চলবে।
চসিকের এই ব্যাপক কর্মযজ্ঞ সফল করতে ৪৮টি স্থায়ী ও ২০৫টি অস্থায়ী টিমের পাশাপাশি বস্তি বা ঝুঁকিপূর্ণ এলাকার জন্য বিশেষ মপ-আপ ও সান্ধ্যকালীন সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। অভিভাবকদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধনের অনুরোধ জানানো হলেও মেয়র আশ্বস্ত করেছেন যে, নিবন্ধন ছাড়াও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না।
সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি ২০ এপ্রিল সকালে চসিক জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। একটি সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম গড়তে মেয়র সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সকল স্তরের মানুষকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন