ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন ত্রয়োদশ নির্বাচনে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আমীর খসরু বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তিনি যেকোনো সময় ফিরবেন এবং দেশে এসেই নির্বাচনে নেতৃত্ব দেবেন।” যারা তারেক রহমানের ফেরা নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের বিষয়ে তিনি বলেন, “গুঞ্জন যারা ছড়ানোর, তারা ছড়াবেই। কিন্তু বাস্তবতা হলো তিনি ফিরছেন।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়েও কথা বলেন আমীর খসরু। তিনি জানান, বেগম জিয়ার লন্ডন যাত্রা বা বিদেশ যাওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তাঁর বর্তমান শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে দলের ওপর কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি বলেন, “বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। তবে তিনি আজীবন গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। নির্বাচন যেন ভোটের মাধ্যমে জনগণই ঠিক করতে পারে, এটাই ছিল তাঁর মূল চাওয়া।”
ডা. জুবাইদা রহমান রাজনীতিতে সক্রিয় হবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, “তিনি রাজনীতিতে আসবেন কি না, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।”
এছাড়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।










