Home আইন-আদালত আইনজীবী আলিফ হত্যা: বিস্ফোরক মামলার তদন্তভার এখন পিবিআইর হাতে

আইনজীবী আলিফ হত্যা: বিস্ফোরক মামলার তদন্তভার এখন পিবিআইর হাতে

সাইফুল ইসলাম আলিফ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা ও বিস্ফোরক মামলার তদন্তে বড় পরিবর্তন এসেছে। মামলার বর্তমান তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে সরিয়ে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ প্রদান করেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পিবিআই মামলাটির অধিকতর তদন্ত পরিচালনা করবে।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। তদন্তের অগ্রগতি নিয়ে আদালতের বিভিন্ন প্রশ্নের মুখে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তদন্তের এমন স্থবিরতায় অসন্তোষ প্রকাশ করে আদালত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংস্থা পরিবর্তনের এই নির্দেশনা দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় মামলার বাদী নিজেই তদন্তকারী সংস্থা পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন। আদালত সার্বিক পরিস্থিতি এবং বাদীর আবেদন বিবেচনা করে পিবিআইকে দায়িত্ব গ্রহণের আদেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। ওই দিন সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডের চার দিন পর নিহতের ভাই খানে আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শতাধিক নামীয় আসামিসহ আরও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল।
 businesstoday24.com ফলো করুন ।