Home চট্টগ্রাম ওমানে উটের সঙ্গে সংঘর্ষ: ফটিকছড়ির একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ওমানে উটের সঙ্গে সংঘর্ষ: ফটিকছড়ির একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহ শহরের তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মূলত সড়কের ওপর হঠাৎ উট চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী মো. শফিউল আলমের পরিবারের সদস্যরা সালালাহ এলাকায় মাজার জিয়ারত শেষে নিজ আবাসে ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ একটি উট চলন্ত গাড়ির সামনে চলে আসে। উটটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে দুমড়েমুচড়ে যায়।

এতে গাড়িতে থাকা পাঁচ সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন:

  • বিলকিস বেগম: মো. শফিউল আলমের স্ত্রী।
  • মুহাম্মদ সাকিবুল হাসান: শফিউল আলমের ছেলে।
  • মুহাম্মদ দিদারুল আলম: শফিউল আলমের জামাতা।
  • শফিউল আলমের পুত্রবধূ: (তার নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি)।

শফিউল আলমের ব্যবসায়িক অংশীদার মুহাম্মদ পারভেজ জানান, এই পরিবারটি দীর্ঘদিন ধরে ওমানে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, “এই খবর ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে পৌঁছানোর পর পুরো এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। আমরা সবাই এই ঘটনায় গভীরভাবে শোকাহত।”

বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।