Home রাজনীতি আদর্শিক সংকটে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

আদর্শিক সংকটে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

এনসিপি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটির জুরাছড়িতে বড় ধরনের সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের বর্তমান রাজনৈতিক কৌশলের সঙ্গে আদর্শিক অমিলের অজুহাত তুলে উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভায় এই গণপদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগকারীরা তাদের সিদ্ধান্ত সংবলিত পত্রটি রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, জুলাই আন্দোলনের মূল চেতনা এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন নিয়ে তারা এই নবগঠিত দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট গঠন করায় দলের স্বকীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্দোলনের আকাঙ্ক্ষা এবং দলের বর্তমান অবস্থানের মধ্যে বিস্তর ফারাক তৈরি হওয়ায় তারা আর এই সংগঠনের সঙ্গে থাকতে ইচ্ছুক নন। তাদের মতে, জোটবদ্ধ হওয়ার এই সিদ্ধান্ত এনসিপির মূল আদর্শের পরিপন্থী।
জুরাছড়ি উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান: “গত ১ জানুয়ারি জেলা কমিটি আমাদের ৮৭ সদস্যের এই কমিটিকে অনুমোদন দিয়েছিল। কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের সিদ্ধান্তের কারণে আমরা সম্মিলিতভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
উপজেলা আহ্বায়ক অসিম চাকমা ব্যক্তিগতভাবে জেলা কমিটির সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আজ থেকে এনসিপির কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার বা এই ৮৭ জনের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে তিনি পদত্যাগের খবরটি জেনেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, পদত্যাগ করতে হলে নির্দিষ্ট সাংগঠনিক নিয়ম মেনে লিখিত আবেদন করতে হয়। জুরাছড়ি কমিটির সদস্যরা সেই নিয়ম অনুসরণ করেছেন কি-না, তা তিনি এখনও নিশ্চিত নন।
পার্বত্য অঞ্চলের এই গণপদত্যাগ এনসিপির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে