Home আকাশ পথ এক শতাব্দীর ইতিহাসের সমাপ্তি: বন্ধ হয়ে যাচ্ছে কভেন্ট্রি বিমানবন্দর

এক শতাব্দীর ইতিহাসের সমাপ্তি: বন্ধ হয়ে যাচ্ছে কভেন্ট্রি বিমানবন্দর

এভিয়েশন ডেস্ক:
দীর্ঘ প্রায় ৯০ বছরের কার্যক্রমের ইতি টেনে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে অবস্থিত কভেন্ট্রি বিমানবন্দর। আগামী ১১ জুন, ২০২৬ তারিখ থেকে এই বিমানবন্দরের রানওয়ে অপারেশন এবং সমস্ত ফ্লাইট আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে।  আগামীকালই এখান থেকে শেষ ফ্লাইটটি উড্ডয়ন করবে।
১৯৩৬ সালে ‘ব্যাগিনটন অ্যারোড্রোম’ নামে যাত্রা শুরু করা এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজকীয় বিমান বাহিনীর (RAF) ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে এটি উইজ এয়ারের মতো বাজেট এয়ারলাইনসগুলোর কেন্দ্র হয়ে ওঠে, যেখান থেকে পোল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইতালি এবং অস্ট্রিয়ার মতো দেশে নিয়মিত ফ্লাইট পরিচালিত হতো।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক হাবের পরিবর্তে এটি মূলত এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস এবং প্রাইভেট চার্টার ফ্লাইটের জন্য ব্যবহৃত হচ্ছিল।
সিভিল এভিয়েশন অথরিটি (CAA) নিশ্চিত করেছে যে, গত বছরের নভেম্বরেই বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছিল।  এই বিশাল এলাকাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে না। ২.৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ে এখানে গড়ে তোলা হবে ‘গ্রিনপাওয়ার পার্ক’ নামক একটি বিশাল ইলেকট্রিক ব্যাটারি কারখানা।
কভেন্ট্রি সিটি কাউন্সিল এবং রিগবি গ্রুপের যৌথ উদ্যোগে নির্মিতব্য এই প্রকল্পটি মূলত ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি উৎপাদন এবং ক্লিন এনার্জির কেন্দ্র হিসেবে কাজ করবে।
পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৬,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। গত এপ্রিল মাসে ওয়ারউইক ডিস্ট্রিক্ট কাউন্সিল এই মেগা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে।
কভেন্ট্রি সিটি কাউন্সিলের ক্যাবিনেট সদস্য জিম ও’বয়েল জানান, গ্রিনপাওয়ার পার্ক যুক্তরাজ্যের অর্থনীতিকে বিদ্যুতায়নের পথে এগিয়ে নিতে অনুঘটক হিসেবে কাজ করবে। এটি কভেন্ট্রিকে একটি ‘ইলেকট্রিক সিটি’ হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনারই একটি অংশ। বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এই জোনটিতে ব্যবসায়িক কর ও স্ট্যাম্প ডিউটিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

businesstoday24.com এভাবে ফলো করুন ও আপনার মূল্যবান মন্তব্য প্রদান করুন।