বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নিয়মিত তদারকিমূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালতকে ‘হয়রানি’ আখ্যা দিয়ে তা বন্ধ করার অপচেষ্টা চালানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
চট্টগ্রামে কিছু খাদ্য ও মিষ্টান্ন ব্যবসায়ীর এহেন কর্মকাণ্ডের প্রেক্ষিতে ক্যাব নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, “কিছু ব্যবসায়ী কি তবে ভোক্তাদেরকে আদিম যুগে ফেরত নিতে চায়?” গণমাধ্যমে প্রেরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাব নেতারা এ উদ্বেগের কথা জানান।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং বিএসটিআই-এর বাজার তদারকি অভিযানে নামিদামি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল ও রেস্তোরাঁয় বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম নিয়মিত ধরা পড়ছে। অথচ ব্যবসায়ীরা নিজেদের মানোন্নয়ন না করে উল্টো তদারকি বন্ধের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কাছে নালিশ জানিয়ে নানামুখী অপচেষ্টা চালাচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস এবং যুব গ্রুপ সভাপতি আবু হানিফ নোমান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, শতবর্ষী চট্টগ্রাম চেম্বার সর্বদা সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছে। তাই গুটিকয়েক মুনাফালোভী ব্যবসায়ীর একতরফা অযৌক্তিক দাবিতে সায় না দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবা উচিত। কারণ ভেজাল খাবারের শিকার এই ব্যবসায়ীদের পরিবারের সদস্যরাও হচ্ছেন।
গত ২০ জুন ২০২৬ তারিখে চট্টগ্রামের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফার সরেজমিন পরিদর্শনে প্লাস্টিকের ব্যবহার, পোড়া তেলে চানাচুর-চিড়া ভাজা, কারখানায় বর্জ্য ও পোকামাকড়ের অবাধ বিচরণ, বিষাক্ত খবরের কাগজে খাবার মোড়কীকরণ এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহারের হাতেনাতে প্রমাণ মেলে।
ক্যাব নেতৃবৃন্দ জানান, এসব অনিয়মের কারণে ডায়াবেটিস, ক্যানসার, কিডনি ও লিভারের জটিল রোগে আজ ঘরে ঘরে মানুষ আক্রান্ত, যার প্রমাণ হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়। জাতিকে এ মহামারি থেকে রক্ষা করতে বাজার তদারকি আরও জোরদার করার জোর দাবি জানানো হয়।
নিয়মিত এমন গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণমূলক প্রতিবেদনের আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে শেয়ার করুন।