Home সারাদেশ সিংগাইরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ২ যুবক নিহত

সিংগাইরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ২ যুবক নিহত

ঘটনাস্থলে পুলিশ
বিজনেসটুডে২৪   প্রতিনিধি, মানিকগঞ্জ:  সিংগাইর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার দশানী গ্রামের মজনু মিয়া (২৭) ও ছয়আনি গ্রামের দীন ইসলাম (২২)। পুলিশের দাবি, নিহত দুজনই তালিকাভুক্ত অপরাধী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পাঁচজনের একটি চোরচক্র ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়ির গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করে। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা চোরচক্রটিকে চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। এসময় চক্রের তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও মজনু ও দীন ইসলামকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ক্ষোভ: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন বছর ধরে এই চক্রটি এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছিল। এর আগেও তাদের ধরে পুলিশে দেওয়া হয়েছিল, কিন্তু জামিনে বেরিয়ে এসে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। বারবার চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল।
পুলিশের বক্তব্য: সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অন্য সহযোগীদের নাম প্রকাশ করেছে।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।