বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের আকাশ-বাতাস আজ এক ভিন্ন রকমের উৎসবের সাক্ষী হয়ে রইল। কোনো অভিজাত পরিবারের ব্যক্তিগত আয়োজন নয়, বরং সমাজের অবহেলিত ১২৬ জন এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনের নতুন অধ্যায় শুরু হলো এক রাজকীয় রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেটের একটি কনভেনশন হলে ‘সিডস অব ব্লেসিংস’ ও যুক্তরাজ্য প্রবাসী সংগঠন ‘সিডস অব সাদাকাহ’-এর উদ্যোগে আয়োজিত হলো এই স্মরণীয় গণবিবাহ।
অর্থাভাব যাদের বিয়ের পথে প্রধান অন্তরায় ছিল, সেইসব প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের জন্য দিনটি ছিল স্বপ্নের মতো। বর্ণিল সাজসজ্জা, জাঁকজমকপূর্ণ পরিবেশ আর উৎসবের আমেজে ঘেরা এই অনুষ্ঠানটি সাধারণ কোনো গণবিবাহের সীমাবদ্ধতা ছাড়িয়ে রূপ নিয়েছিল এক অনন্য উৎসবে। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি আর রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজনে কোনো ত্রুটি ছিল না।
কেবল বিয়ে সম্পন্ন করেই দায়িত্ব শেষ করেননি আয়োজকরা। নবদম্পতিরা যাতে সম্মানের সাথে নতুন সংসার শুরু করতে পারেন, সেজন্য প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী। খাট, তোশক, বালিশ থেকে শুরু করে রান্নার তৈজসপত্র—একটি সংসার সাজাতে যা যা প্রয়োজন, তার সবই উপহার হিসেবে পেয়েছেন এই নতুন দম্পতিরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে যৌতুকমুক্ত সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। আয়োজক সংগঠনের প্রধান মো. জয়নুল আবেদিন ও ওরকাতুল জান্নাত জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভর হওয়ার পথ তৈরি করে দেওয়াই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিদের শুভকামনা জানান। এই মহতী উদ্যোগ কেবল ১২৬টি পরিবারের সূচনা করেনি, বরং মানবতার সেবায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে।
businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।