বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: রোববার (২৪ মে, ২০২৬) জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় দুজন আহত হয়েছেন । ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ-২ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এই ঘটনার পর আদালত চত্বরে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে জেলা পুলিশের একাধিক টিম।
ঘটনার বিবরণে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষ করে বেলা ১১টার দিকে তিনি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে বাড়ি ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীদের ছোড়া প্রথম গুলিটি থেকে লিয়াকত আলী দ্রুত সরে যাওয়ায় তিনি অক্ষত থাকেন। তবে গুলিটি সরাসরি তাঁর চাচাতো ভাই এবং সহযোগী মইনুদ্দীনের (৩৭) পায়ে গিয়ে লাগে।
লিয়াকত আলীর সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে হামলাকারীদের একজনকে জাপটে ধরলে অন্য সন্ত্রাসীরা আরও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এই গোলাগুলির ঘটনায় অন্তত ২ জন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলি ছোঁড়ার পর পালানোর সময় লিয়াকত আলীর সহযোগী ও উপস্থিত লোকজন জিয়াউল হক জিয়া (৩৪) নামের এক অস্ত্রধারীকে ধরে ফেলে পুলিশে সোপর্দ করে। আটক জিয়ার বাড়ি ঈদগাঁও এলাকায়। তাঁর কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অন্য হামলাকারীরা আদালতের ভেতরের রাস্তা দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের দিকে পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য ও নিরাপত্তা ব্যবস্থা
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এটি মূলত পূর্বশত্রুতার জেরে ঘটা একটি হামলার ঘটনা। এর আগে ২০২৫ সালের ৫ অক্টোবরও লিয়াকত আলীকে তাঁর নিজ বাড়িতে গিয়ে গুলি ও কুপিয়ে জখম করেছিল প্রতিপক্ষরা।
আরও নানা বিষয় জানত ভিজিট করুন: www.businesstoday24.com










