সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন ও সহ সভাপতি মশিউল আলম স্বপন
সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন ও সহ-সভাপতি মসিউল আলম
চট্টগ্রাম: দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (সিসিসিআই) দ্বি-বার্ষিক মেয়াদের নতুন প্রেসিডিয়াম নির্বাচন সম্পন্ন হয়েছে । এতে সর্বসম্মতিক্রমে সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক সভাপতি নির্বাচিত হয়েছেন । তাঁর সঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে রাইজিং কম্পিউটার স্কেলের স্বত্বাধিকারী মোঃ আমজাদ হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মসিউল আলম স্বপন নির্বাচিত হয়েছেন ।
২৫ মে ২০২৬ ইং সকাল সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নির্বাচন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় । সভায় নির্বাচন বোর্ডের অধীনে নবনির্বাচিত পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পরিচালকমণ্ডলী নতুন প্রেসিডিয়াম বাছাই করেন ।
উক্ত সভায় চেম্বার প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ মোতাহার হোসেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম এবং সদস্য মোঃ হেদায়েত উল্যাহ উপস্থিত ছিলেন ।
দূরদর্শী শিল্পোদ্যোক্তা মোহাম্মদ আমিরুল হক এখন চেম্বার প্রধান
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সীকম গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক । এর আগে তিনি পাঁচ মেয়াদে চিটাগাং চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শিপিং, লজিস্টিকস, সিমেন্ট, জ্বালানি, এলপিজি, ভোজ্যতেল, কৃষি ও রিয়েল এস্টেটসহ বহুমুখী খাতে তাঁর সফল নেতৃত্ব দেশের শিল্পায়নে বড় ভূমিকা রাখছে ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে ‘লিডারশীপ এন্ড সাস্টেনএ্যাবিলিটি’ বিষয়ে এমবিএ ডিগ্রিধারী আমিরুল হক যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ফেলো এবং বিভিন্ন বাণিজ্য ফোরামের রিসোর্স পার্সন ।
বর্তমানে তিনি বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি । তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, সার্ক চেম্বারের আজীবন সদস্য এবং চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য । অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি (CIP) সম্মাননায় ভূষিত করেছে । তিনি রোকনূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টিসহ রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, চিটাগাং ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের আজীবন সদস্য ।
সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী
নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী রাইজিং গ্রুপ অব কোম্পানিজসহ একাধিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক । ইতিপূর্বে দুই মেয়াদে চিটাগাং চেম্বারের পরিচালকের দায়িত্ব পালন করা এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জাহাজ পুনঃপ্রক্রিয়া জাতকরণ, স্টিল, পরিবহন ও জ্বালানি খাতের সাথে যুক্ত ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এম.কম ডিগ্রিধারী আমজাদ হোসেন বর্তমানে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । ব্যবসায়িক ও সামাজিক কাজে তিনি বিশ্বজুড়ে ব্যাপক ভ্রমণ করেছেন । তিনি লায়ন্স ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট, মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্যসহ বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ।
সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন
সহ-সভাপতি নির্বাচিত হওয়া মোহাম্মদ মসিউল আলম স্বপন চট্টগ্রামের ব্যবসা, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ । তিনি একাধারে সফল উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক ।
তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, বার্থ অপারেটর্স-শিপ হ্যান্ডলিং অপারেটর্স এন্ড টার্মিনাল অপারেটর ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের ডেপুটি গভর্নর । ক্রীড়াঙ্গনে তিনি চট্টগ্রামের কেএম স্পোর্টিং ক্লাবের সভাপতি, সিজেকেএস ফুটবল কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি । এছাড়া মেট্রোপলিটন চেম্বার, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারসহ বিভিন্ন সামাজিক ও নগর উন্নয়ন কমিটির সাথে তিনি যুক্ত আছেন ।
চেম্বারের নবনির্বাচিত পরিচালকবৃন্দ
প্রেসিডিয়াম ছাড়াও চিটাগাং চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন যথাক্রমে কামাল মোস্তফা চৌধুরী, মোঃ নাসির উদ্দিন চৌধুরী, আবু হায়দার চৌধুরী (আমজাদ), আমান উল্লা আল ছগির, মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, আফসার হাসান চৌধুরী, এস. এম. সাইফুল আলম, মোঃ গোলাম সরওয়ার, মোঃ জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, এ. এস. এম. ইসমাইল খান, ক্যাপ্টেন মোঃ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম এবং মোঃ সেলিম নুর ।———সংবাদ বিজ্ঞপ্তি