Home Second Lead সুরমার তীরে তারেক রহমান: আধ্যাত্মিক নগরী থেকে বিজয়ের পদধ্বনি

সুরমার তীরে তারেক রহমান: আধ্যাত্মিক নগরী থেকে বিজয়ের পদধ্বনি

শাহজালাল (র.)-এর পবিত্র মাজারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: দীর্ঘ ২১ বছরের বিরতি। এক সময়ের তরুণ তুর্কি আজ দলের কাণ্ডারি। বুধবার রাত সোয়া ৮টায় যখন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল, তখন মেঘালয়ের পাদদেশের এই আধ্যাত্মিক নগরী যেন এক নতুন উন্মাদনায় জেগে উঠল। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ঢাকার বাইরে পা রাখলেন তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ।
মাজার জিয়ারতে সফরের সূচনা: আকাশপথ থেকে নেমে তারেক রহমান সরাসরি চলে যান ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.)-এর পবিত্র মাজারে। সেখানে মাজার জিয়ারত ও নফল নামাজ আদায়ের মাধ্যমে মূলত বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের সূচনা হয়।
এরপর তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন। আধ্যাত্মিক আবহ আর আবেগের এক অভূতপূর্ব মিশেল দেখা যায় তখন পুরো এলাকায়।
শ্বশুরবাড়িতে দোয়ার আয়োজন: রাত ১০টায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান পৌঁছান দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাহীমপুরে, প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের সেই স্মৃতিবিজড়িত শ্বশুরবাড়িতে। দীর্ঘ ২১ বছর পর বাবার বাড়িতে ফিরলেন জুবাইদা রহমান।
সেখানে ছিল না কোনো রাজকীয় আয়োজন, বরং ৩৯ ডেগ শিরনি রান্নার মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজকের মহেন্দ্রক্ষণ: আলিয়া মাদ্রাসা মাঠ: আজ বৃহস্পতিবার সকালটা শুরু হচ্ছে এক ভিন্নধর্মী আয়োজনে। জনসভায় যাওয়ার আগে তারেক রহমান হোটেলের বলরুমে একদল অরাজনৈতিক তরুণ ও প্রথম ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি পা রাখবেন ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে।
সিলেট ও সুনামগঞ্জের ১১ জন সংসদ সদস্য প্রার্থীকে জনতার মাঝে পরিচয় করিয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি দেবেন তার প্রথম নির্বাচনী দিক-নির্দেশনা।
৭ জনসভা ও দীর্ঘ রোড শো: সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই ফিরতি পথ রূপ নেবে এক বিশাল নির্বাচনী প্রচারণায়। তিন বিভাগের মোট ৭টি স্থানে তিনি জনসভায় ভাষণ দেবেন:
দুপুর ১টা: শেরপুর আইনপুর মাঠ (মৌলভীবাজার)।
দুপুর ২.৩০: শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ (হবিগঞ্জ)।
বিকাল ৪টা: সরাইল কুট্টাপাড়া মাঠ (ব্রাহ্মণবাড়িয়া)।
বিকাল ৫টা: ভৈরব স্টেডিয়াম (কিশোরগঞ্জ)।
সন্ধ্যা ৭টা: নরসিংদী পৌর পার্ক।
রাত ৮.৩০: রূপগঞ্জের গাউছিয়া এলাকা (নারায়ণগঞ্জ)।
নিরাপত্তার চাদরে সিলেট: তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেটে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। পুলিশের এডিসি সাইফুল ইসলাম জানিয়েছেন, পুরো রুটজুড়ে সাদা পোশাকে ও নিয়মিত পুলিশ মোতায়েন রয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ ছাপিয়ে মানুষের ঢল নেমেছে আলিয়া মাদ্রাসা মাঠে।
আগামী ২৪শে জানুয়ারি চট্টগ্রাম সফরের মাধ্যমে এই প্রচারণার দ্বিতীয় ধাপ শুরু হবে। তবে আজ সুরমার পাড় থেকে যে নির্বাচনী তরী ভাসালেন তারেক রহমান, তার ঢেউ কতদূর পৌঁছায়—সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ।