Home বিনোদন ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’, অগ্রিম বুকিংয়েই ৬০ কোটির রেকর্ড

১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’, অগ্রিম বুকিংয়েই ৬০ কোটির রেকর্ড

বিনোদন ডেস্ক:
আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। গুড়ি পাড়োয়া, উগাদি এবং ঈদুল ফিতরের উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে এই ধামাকা নিয়ে আসতে প্রস্তুত নির্মাতারা। তবে মূল মুক্তির এক দিন আগে, অর্থাৎ ১৮ মার্চ দেশজুড়ে সিনেমাটির বিশেষ ‘পেইড প্রিভিউ’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।
মুক্তির আগেই বক্স অফিসে রীতিমতো রাজত্ব শুরু করেছে সিনেমাটি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এর অ্যাডভান্স বুকিং ইতোমধ্যে ৬০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র ভারতের পেইড প্রিভিউ এবং প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে প্রায় ৩২ কোটি রুপি। বিশেষ করে উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে, যেখানে প্রি-সেল ইতোমধ্যে ১.৩ মিলিয়ন ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে সিনেমাটির সেন্সরশিপ নিয়ে চলছে জোর আলোচনা। আয়ারল্যান্ডের সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘স্পেশাল ভায়োলেন্স’ রেটিং দিয়ে প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ করেছে। অতিমাত্রায় অ্যাকশন ও রক্তক্ষয়ী দৃশ্যের উপস্থিতির কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেন্সর বোর্ডের এই রেটিং এবং প্রায় ৩ ঘণ্টা ৫৫ মিনিটের দীর্ঘ রানটাইম দর্শকদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রেড অ্যানালিস্টদের মতে, যে গতিতে টিকিট বিক্রি হচ্ছে তাতে ওপেনিং ডের আয় ১০০ থেকে ১৫০ কোটি রুপি স্পর্শ করা এখন সময়ের ব্যাপার মাত্র। রণবীর সিংয়ের ‘জাসকিরাত সিং রাঙ্গি’ চরিত্রটি বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন ভক্তরা। সঞ্জয় দত্ত, আর মাধওয়ান ও অর্জুন রামপালের মতো শক্তিশালী তারকাদের উপস্থিতি সিনেমাটিকে বক্স অফিসের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে রেখেছে।