Home Second Lead চালকের ঘুমচোখে বেপরোয়া গতি, বাস বাজারে ঢুকে প্রাণ গেল ৬ জনের

চালকের ঘুমচোখে বেপরোয়া গতি, বাস বাজারে ঢুকে প্রাণ গেল ৬ জনের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাজারে ঢুকে পড়ে ৬ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি এসি বাস এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার পাশে কৃষি জমিতে কাজ করতে আসার অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় প্রায় ২০ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে, যাদের সবাই দিনমজুর।
বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে আসার পথে চালককে ঘুমঘুম অবস্থায় দেখা যাচ্ছিল এবং তিনি অতিরিক্ত গতিতে বাসটি চালাচ্ছিলেন। ভোরে দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমে থাকায় বিষয়টি কেউ তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। হঠাৎ দুর্ঘটনার পর বাসের ভেতরে আতঙ্কের সৃষ্টি হয় এবং বাসের সামনের সারির যাত্রীরাই সবচেয়ে বেশি আহত হন।
বগুড়া সদর থানার এএসআই মো. শফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী এসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুরদের ওপর উঠে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে।
businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।