Home সারাদেশ মীরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে: কনের নানী নিহত

মীরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে: কনের নানী নিহত

খাদে পড়া গাড়ি। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস (হাইস) রাস্তার পাশে খাদে পড়ে গেলে ফাতেমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। নিহত নারী ওই বিয়ের কনের নানী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিরহাট এলাকা থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল মাইক্রোবাসটি। গাড়িটি বাদামতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, দুটি মাইক্রোবাস পাল্লা দিয়ে চলছিল। অতিরিক্ত গতির কারণে কালো রঙের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুই ব্যক্তির (ইদ্রিস মিয়া ও মোমিন মিয়া) বসতঘরের ওপর উঠে যায় এবং পরে খাদে পড়ে যায়।
চালকের পলায়ন ও ক্ষয়ক্ষতি
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগমুহূর্তে চালক চলন্ত গাড়ি থেকে দরজা খুলে লাফ দিয়ে পালিয়ে যান। এতে গাড়িতে থাকা প্রায় ১৫ জন যাত্রী চরম বিপাকে পড়েন। দুর্ঘটনায় গাড়িটি সরাসরি বসতঘরের ওপর উঠে যাওয়ায় ইদ্রিস ও মোমিনের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”