Home সারাদেশ ৩০০ হতদরিদ্রের মুখে হাসি ফোটালেন পাজেপ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

৩০০ হতদরিদ্রের মুখে হাসি ফোটালেন পাজেপ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: পাহাড়ি জনপদ রামগড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ৩০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।
রবিবার (৮ মার্চ) দুপুরে রামগড় লেক সংলগ্ন বিজয় ভাস্কর্যের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে উপহার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। রামগড় উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপহার বিতরণকালে শেফালিকা ত্রিপুরা বলেন, ঈদের আনন্দ কেবল সামর্থ্যবানদের জন্য নয়, বরং তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের খুশি ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। সরকারের এই সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন। এছাড়া স্থানীয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপহার বিতরণে সহায়তা করেন। উপস্থিত সুবিধাভোগীরা উৎসবের প্রাক্কালে এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

businesstoday24.com-এর সাথে থাকতে আমাদের ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে শেয়ার করুন।