Home সারাদেশ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর : পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় সুযোগ-সুবিধা না পাওয়া এবং বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ দেখিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।

শনিবার রাতে ‘হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’-এর সেক্রেটারি বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, অভ্যন্তরীণ নানা সুযোগ-সুবিধার ঘাটতি ও কোণঠাসা অবস্থার কারণে সেখানকার ব্যবসায়ীরা যৌথ বৈঠকের মাধ্যমে এই অচলাবস্থার সিদ্ধান্ত নিয়েছেন। হিলি স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক রুট। এই পথ দিয়ে ভারত থেকে প্রধানত চাল, গম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ ও আলুসহ নানা নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য আমদানি করা হয়। এ ছাড়া পাথর, কয়লা, বিভিন্ন ধরনের রাসায়নিক কাঁচামাল এবং পশুখাদ্য তৈরির উপাদানও এই বন্দর দিয়ে নিয়মিত দেশে আসে। হঠাৎ করে আমদানি কার্যক্রম বন্ধ হওয়ায় স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে চোখ রাখুন businesstoday24.com-এ।