আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার রাতে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলো আমেরিকার হোয়াইট হাউস। কড়া নিরাপত্তা বলয় ভেদ করে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে চলল গুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে, যার ফলে উপস্থিত ২৬০০ অতিথির মধ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
তবে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
শনিবার রাতে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক এবং বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে জমকালো এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই ভিড়ের মধ্য থেকে পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। সেই সময় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য রাখার কথা ছিল এবং উপস্থিত সকলে তাঁর ভাষণ শোনার জন্য অপেক্ষা করছিলেন। গুলির শব্দ শোনামাত্রই সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা দ্রুততার সাথে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে ঘিরে ধরেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
গুলির শব্দে অনুষ্ঠানস্থলে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগত অতিথিরা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন এবং অনেকে প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। হোয়াইট হাউসের মতো সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত স্থানে কীভাবে বন্দুকবাজ প্রবেশ করল এবং গুলি চালাল, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মূল টেবিলে প্রেসিডেন্ট দম্পতির পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও উপস্থিত ছিলেন, তিনিও সুরক্ষিত রয়েছেন।
ঘটনার কিছু সময় পরেই সমাজমাধ্যমে পোস্ট করে নিজের সুস্থতার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প জানান যে, বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে।











