বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে বড় ধরনের শো-ডাউন ও পথযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের ‘হাদি চত্বর’ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শীর্ষক এই কর্মসূচি শুরু হয়।
সকাল ১০টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী শাহবাগে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন সব তেজোদীপ্ত স্লোগান শোনা যায়। পদযাত্রায় ১০টিরও বেশি পিক-আপ ভ্যান ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন।
কর্মসূচি চলাকালীন আয়োজকরা তাদের সুনির্দিষ্ট চারটি দাবি তুলে ধরেন:
২৪ দিনের মধ্যে বিচার: হাদি হত্যার সাথে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।
ওয়ার্ক পারমিট বাতিল: বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
আন্তর্জাতিক আদালতে মামলা: ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
ফ্যাসিস্ট সহযোগীদের বিচার: গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করবে। রুটটি হলো:
শাহবাগ → সায়েন্সল্যাব → মোহাম্মদপুর → মিরপুর ১০ নম্বর গোলচত্বর → উত্তরা → বসুন্ধরা → বাড্ডা → রামপুরা → যাত্রাবাড়ী।
পুরো শহর প্রদক্ষিণ শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পুনরায় শাহবাগে ফিরে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। যানজট ও জনসমাগম বিবেচনায় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মিছিলের গতি কিছুটা ধীর রাখা হবে বলে জানানো হয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকতে দেখা গেছে।










