Home চট্টগ্রাম পটিয়ার ভোটের মাঠে ১২১ কোটি টাকার ঋণের ‘পাহাড়’ নিয়ে বিএনপি প্রার্থী

পটিয়ার ভোটের মাঠে ১২১ কোটি টাকার ঋণের ‘পাহাড়’ নিয়ে বিএনপি প্রার্থী

 ঝুলছে অসংখ্য চেকের মামলা!

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের রাজনীতির মাঠ এখন সরগরম। তবে আলোচনার কেন্দ্রে কেবল ভোট নয়, বরং বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হকের হলফনামায় উঠে আসা বিপুল অংকের ঋণের তথ্য।
হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এই প্রার্থীর ঘাড়ে কেবল ব্যাংক ঋণের বোঝাই নয়, বরং আদালতে ঝুলছে অসংখ্য চেকের মামলার (NI Act) খড়গ।
ব্যাংক ঋণের মহাসমুদ্র: হলফনামার তথ্য অনুযায়ী, ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক দুটি বেসরকারি ব্যাংক থেকে আকাশচুম্বী ঋণ নিয়েছেন। তার মোট ঋণের পরিমাণ শুনলে যে কেউ চমকে উঠতে পারেন— ১২১ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকা! * ওয়ান ব্যাংক পিএলসি-তে তার দেনা ৬৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-তে দেনার পরিমাণ প্রায় ৫৩ কোটি ৭৬ লাখ টাকা। মধ্যবিত্তের কল্পনাতীত এই ঋণের পাহাড় মাথায় নিয়েই ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি।
গলার কাঁটা অসংখ্য চেকের মামলা: কেবল ঋণ নয়, প্রার্থীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে একের পর এক মামলা। হলফনামা বলছে, এনামুল হকের বিরুদ্ধে বর্তমানে ২১টি ফৌজদারি মামলা বিচারাধীন। যার মধ্যে বড় একটি অংশই এন.আই. অ্যাক্টের ১৩৮ ধারায় দায়েরকৃত ‘চেক ডিজঅনার’ মামলা। অর্থাৎ পাওনাদারদের চেক দিয়ে তা নগদায়ন করতে না পারায় আইনের মুখোমুখি হতে হচ্ছে তাকে।
মামলার বর্তমান চিত্র: প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামের বিভিন্ন আদালতে এসব মামলা বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। আবার  আমলী আদালতে থাকা বেশ কিছু মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত এই বিপুল সংখ্যক মামলা নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে তাকে বড় ধরনের আইনি ও নৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিপুল সম্পদ বনাম বিপুল দেনা: আশ্চর্যের বিষয় হলো, প্রার্থীর ৪২ কোটি টাকার স্থাবর সম্পদ থাকলেও তার দেনার পরিমাণ সম্পদের প্রায় তিনগুণ। এই বিশাল ঋণ খেলাপি কি না বা নির্বাচনী আইন অনুযায়ী তার প্রার্থিতায় কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে পটিয়ার চায়ের আড্ডায় এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
ব্যাংক ঋণের এই ‘মহাসমুদ্র’ আর আদালতের মামলার ‘পাহাড়’ ঠেলে এনামুল হক পটিয়ার মানুষের মন কতটা জয় করতে পারবেন, এখন সেটাই দেখার বিষয়।