বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী ২ জুলাই থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়।
এবারের পরীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে প্রশ্নপত্রের ধরন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন জানান, প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এই পদ্ধতি চালু থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার রীতি ছিল। এই নতুন সিদ্ধান্তের ফলে সারা দেশে একই মানের মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে শিক্ষা সংশ্লিষ্টরা।