বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া দেশে আর কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
সোমবার সকালে রাজশাহী থেকে নাটোরের পথে যাত্রার আগে স্থানীয় পর্যটন মোটেলে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করব। আশা করি, এর মধ্যেই সরকারসহ সব পক্ষ মিলে জুলাই সনদ ঘোষণা করবে। তবে সরকার যদি এতে ব্যর্থ হয়, তাহলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ নিয়ে সরকারের বিলম্ব কেন সে বিষয়ে জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। আর যে লক্ষ্য ও স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, সেটি বাস্তবায়নে এখনই একটি স্পষ্ট রাজনৈতিক রূপরেখা দরকার।”
এনসিপি’র এই তরুণ নেতা জানান, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সনদ প্রণয়ন এবং সেটিকে সংবিধানের অংশ হিসেবে ঘোষণা করা জরুরি। এটি ছাড়া দেশের পুনর্গঠন সম্ভব নয়।”
এদিন রাজশাহীতে পথসভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা রাজশাহী অঞ্চলের নানা সমস্যা, অবকাঠামোগত অবনতি, কৃষিজ সংকট ও শিক্ষাব্যবস্থার দৈন্যতার কথা তুলে ধরেন এবং কেন্দ্রীয় নেতৃত্বকে তা অবহিত করেন।
উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে এনসিপি। গত ছয় দিনে তারা ১৪টি জেলা অতিক্রম করেছে। সোমবার নাটোর হয়ে সিরাজগঞ্জ ও পাবনায় যাওয়ার কথা রয়েছে দলের শীর্ষ নেতাদের।
নাহিদ ইসলাম জানান, “রাজশাহীতে আমরা যে গণসমর্থন দেখেছি, তা আমাদের সাহস জুগিয়েছে। এখন দেশের পুনর্গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই সনদই হবে আমাদের নতুন রাষ্ট্রীয় চুক্তি।”










