ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে এই সমন্বিত হামলা চালানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলার সক্ষমতা হারিয়ে বর্তমানে মার্কিন সরকারের সহযোগীরা দিশেহারা হয়ে পড়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠেছে।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে যে, এই অঞ্চলে মার্কিন সেনাদের কার্যক্রম ও তথাকথিত প্রতারণার অবসান ঘটানো হবে তাদের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে। বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনাদের পিছু হটার বিষয়টি তারা ভুলে যায়নি। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনারা বেসামরিক স্থাপনাগুলোকে আড়াল হিসেবে ব্যবহারের চেষ্টা করলেও তা ইরানের কঠোর নজরদারিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সংঘাতের অংশ হিসেবে গত কয়েক দিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে।
সর্বশেষ খবর ও বিস্তারিত তথ্যের জন্য নিয়মিত চোখ রাখুন businesstoday24.com -এ।