Home সারাদেশ রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট: ফারুক ই আজম

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট: ফারুক ই আজম

বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: রাষ্ট্র ও সরকারের প্রকৃত মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই আগামী গণভোটের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
তিনি বলেন, “গণভোটের ইতিবাচক ফলাফলই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। দেশের আমূল পরিবর্তনের জন্য প্রতিটি নাগরিককে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে।”

 শুক্রবার বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে জেলা তথ্য অফিস আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়।

তিনটি মূল লক্ষ্য ফারুক ই আজম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সামনে তিনটি প্রধান চ্যালেঞ্জ ছিল— গণহত্যাকারীদের বিচার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অবাধ নির্বাচন আয়োজন।

তিনি উল্লেখ করেন, “ইতিমধ্যেই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকের সাজাও নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রকে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়া থেকে রক্ষা করতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদের মৌলিক বিষয়গুলো নিয়ে জনগণের রায় নিতেই গণভোটের আয়োজন।”

তরুণ ভোটারদের প্রতি আহ্বান: প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের সৌভাগ্যবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের প্রথম ভোটটি হবে নিজের মৌলিক অধিকার নিশ্চিত করার এবং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য। একটি মানবিক ও সচ্ছল বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সচেতনতাই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “জনগণ সচেতন না হলে কোনো সরকারই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য গণভোটের পক্ষে রায় দেওয়ার বিকল্প নেই।”

 সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দীন এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #গণভোট২০২৬ #রাষ্ট্রসংস্কার #নতুনবাংলাদেশ #ফারুকইআজম #সিলেট #জুলাইসনদ #অন্তর্বর্তীকালীনসরকার