Home আন্তর্জাতিক সোমালি উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই, ১৭ নাবিক জিম্মি

সোমালি উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই, ১৭ নাবিক জিম্মি

শিপিং ডেস্ক: সোমালিয়া উপকূলের কাছে এডেন উপসাগরে জলদস্যুদের হাতে ‘অনার ২৫’নামক একটি তেলবাহী জাহাজ ছিনতাই হয়েছে গত ২১ এপ্রিল। মেরিটাইম সিকিউরিটি রিপোর্ট অনুযায়ী জাহাজটি পালাউয়ের পতাকাবাহী। ক্যাপ্টেন ইন্দোনেশীয়। মোট ১৭ নাবিকের ১১ জন পাকিস্তানি। তারা এখন জিম্মি। তবে, এখন পর্যন্ত মুক্তিপণের জন্য কোন যোগাযোগ হয়নি।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় জলদস্যুতা পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, জাহাজটি যখন এডেন উপসাগর দিয়ে যাচ্ছিল, তখন সশস্ত্র জলদস্যুরা সেটিতে আক্রমণ চালায় এবং নিয়ন্ত্রণ দখল করে নেয়। বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূলের হাফুন (Hafun) এবং বান্দর বেইলা (Bander Beyla) এলাকার মাঝামাঝি একটি স্থানে এটি এখন নোঙর করা আছে।

অপহৃত পাকিস্তানি নাবিকদের পরিচয় নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জিম্মিদের মুক্তির বিষয়ে জলদস্যুদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।

এডেন উপসাগর ও ভারত মহাসাগরের এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে জলদস্যুতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে জলদস্যুদের তৎপরতা আবারও বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক নৌবাহিনীগুলো সতর্কতা বাড়িয়েছে। বিশেষ করে লোহিত সাগর ও তৎসংলগ্ন এলাকায় ভূ-রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জলদস্যুরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্থানীয় সংবাদমাধ্যম রেডিও কুলমিস-এর প্রতিবেদন অনুযায়ী, এই ছিনতাই ঘটনায় আঞ্চলিক রাজনীতি ও গোত্রীয় বিরোধের যোগসূত্র পাওয়া গেছে। জাহাজটির মালিক পাণ্টল্যান্ডের প্রভাবশালী ব্যবসায়ী ওসমান শায়রি কুদ (Osman Shire Quud)। গত বুধবার জাহাজটি জ্বালানি তেল নিয়ে মোগাদিশুর উদ্দেশ্যে যাওয়ার সময় ওসমান মাহমুদ (Osman Mohamoud) গোত্রের জলদস্যুরা এটি কবলে নেয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই দস্যু দলটির সাথে পাণ্টল্যান্ডের প্রেসিডেন্ট সাঈদ আব্দুল্লাহি ডেনির (Said Abdullahi Deni) ঘনিষ্ঠতা রয়েছে। মূলত স্থানীয় রাজনৈতিক ও গোত্রীয় কোন্দলের জের ধরেই এই ছিনতাই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম রেডিও কুলমিস আরও জানায়, জাহাজটিতে থাকা মোট ১৭ জন ক্রু মেম্বারের জাতীয়তা নিশ্চিত করা হয়েছে। জিম্মিদের মধ্যে রয়েছেন:

  • ১০ জন পাকিস্তানি নাগরিক
  • ৪ জন ইন্দোনেশীয় নাগরিক
  • ১ জন মিয়ানমারের নাগরিক
  • ১ জন ভারতীয় নাগরিক
  • ১ জন শ্রীলঙ্কান নাগরিক

বর্তমান পরিস্থিতি গত দুই দিন ধরে জাহাজটি বান্দর বেইলা উপকূলের কাছে দস্যুদের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, এটি কোনো সাধারণ দস্যুবৃত্তির ঘটনা নয়, বরং মালিকপক্ষের সাথে রাজনৈতিক বা ব্যবসায়িক বিরোধের ফল হতে পারে। বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জিম্মি নাবিকদের উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও আন্তর্জাতিক নৌ-সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে স্থানীয় গোত্রীয় প্রভাব থাকায় উদ্ধার প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ভিজিট করুন: www.businesstoday24.com