Home পণ্যবাজার জ্বালানি তেলের অবৈধ মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

জ্বালানি তেলের অবৈধ মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

লালমনিরহাটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বানে মতবিনিময় সভা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত ও কেনাবেচা প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় পেট্রোল পাম্প মালিক, জ্বালানি তেল সরবরাহকারী এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রভাব জ্বালানি বাজারে পড়তে পারে—এমন আশঙ্কায় এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

পুলিশ সুপার আসাদুজ্জামান তার বক্তব্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং যেকোনো ধরণের অবৈধ কারসাজি বা পাচার রোধে সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, কোনো অসাধু ব্যবসায়ী বা অবৈধ মজুতদারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, জেলা পুলিশের পক্ষ থেকে পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা (বিপিএম-বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. জিন্নাহ আল মামুন। এছাড়া সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেট্রোল পাম্প মালিক ও ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

আমাদের সংবাদের পরবর্তী আপডেট পেতে businesstoday24.com ভিজিট করুন, ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।