মোস্তফা তারেক, নিউ ইয়র্ক:
হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আটক ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের পরিচয় নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এই ব্যক্তির সাধারণ ‘টিউটর’ পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) সংশ্লিষ্টতা এবং উচ্চতর সামরিক প্রযুক্তির অগাধ জ্ঞান।

তদন্তে দেখা গেছে, কোল অ্যালেন কেবল একজন সাধারণ প্রোগ্রামার নন, বরং তিনি একজন অত্যন্ত দক্ষ প্রকৌশলী। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে (JPL) সামার আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।
এছাড়া ‘IJK Controls’-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকাকালীন তিনি উন্নত মাল্টি-অ্যাক্সিস গিম্বল এবং স্ট্যাবিলাইজেশন সিস্টেম ডিজাইন করেছেন। তার অভিজ্ঞতার তালিকায় রয়েছে অপটিক্যাল বেঞ্চ এবং লেজার কমিউনিকেশন সিস্টেম তৈরির মতো জটিল সব কাজ।
বিশেষজ্ঞদের মতে, অ্যালেনের এই কারিগরি দক্ষতা মূলত প্রিসিশন টার্গেটিং পড এবং উচ্চ পর্যায়ের সামরিক ড্রোনের নির্ভুল লক্ষ্যভেদী সিস্টেম তৈরির জন্য অপরিহার্য। নজরদারি এবং গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবহৃত অত্যাধুনিক ‘আইএসআর’ (ISR) পে-লোড তৈরির সক্ষমতাও তার ছিল।











