বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে এই ঘটনা জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিমো আত্মহত্যা করেছেন।
মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। তিনি বাড্ডায় পরিবারের সঙ্গেই থাকতেন। আজ দুপুরে বাড্ডা থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করেছেন।
রহস্যময় চিরকুট ও অভিযোগের তীর
মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।”
এই চিরকুটের সূত্র ধরে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং মিমোর এক ঘনিষ্ঠ বন্ধুকে (শিক্ষার্থী) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গুলশান জোনের (বাড্ডা) এডিসি জুয়েল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রাপ্ত আলামতের ভিত্তিতে শিক্ষককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে যদি কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত বর্তমানে অব্যাহত রয়েছে।
বাসের ঘটনার পর থেকেই সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।