বিজনেসটুডে২৪ ডেস্ক
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদের স্থাবর সম্পত্তি ক্রোক ও দুটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। একই আদেশে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।
মঙ্গলবার (২২সেপ্টম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য থাকায় বজলুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনাতি করেন। তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে ২২ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
এর আগে ২৬ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে বজলুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন।
২০১৯ সালের ২০ অক্টোবর সকাল ১০টায় বজলুর রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল দুদক। জিজ্ঞাসাবাদের পর বজলুরকে গ্রেপ্তার করা হয়।
দুদকের কাছে অভিযোগ ছিল, ঘুষের কোটি কোটি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসত বজলুর রশীদের কাছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো এসব টাকা তুলেছেন তার স্ত্রী রাজ্জাকুন নাহার। জিজ্ঞাসাবাদে বজলুর সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়।










