Home সারাদেশ নাটোরে হাসপাতালে ধর্ষণ ও ভিডিও ধারণ: গ্রেপ্তার ৩

নাটোরে হাসপাতালে ধর্ষণ ও ভিডিও ধারণ: গ্রেপ্তার ৩

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নাটোর: নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুকন্যার পাশে থাকা এক মাকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাতের এই লোমহর্ষক ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগীর বাবা নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—অমিত (২৩), অনিল (২৪) ও প্রাঙ্গণ (২৩)। তারা সবাই ওই হাসপাতালের আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন নাটোর সদর উপজেলার বাসিন্দা ওই নারী তার দুই বছর বয়সী অসুস্থ কন্যাসন্তানকে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকায় তিনি একাই হাসপাতালে মেয়ের দেখভাল করছিলেন। গত রোববার রাতে ওষুধ দেওয়ার নাম করে এক অভিযুক্ত ওই নারীকে ওয়ার্ড থেকে ডেকে নিয়ে যায়। পরে হাসপাতালের ষষ্ঠ তলার অন্ধকার সিঁড়িঘরে নিয়ে অমিত নামের ওই যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই পাশবিক নির্যাতনের সময় অপর দুই অভিযুক্ত অনিল ও প্রাঙ্গণ মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে নানা ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করা হয়।
এদিকে ওয়ার্ডে মায়ের অনুপস্থিতিতে দুই বছরের শিশুটি দীর্ঘসময় ধরে কান্নাকাটি করতে থাকলে বিষয়টি ডিউটি নার্স ও কর্মচারীদের নজরে আসে। পরবর্তীতে হাসপাতালের আনসার সদস্যরা সন্দেহবশত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজের সূত্র ধরে তারা দ্রুত হাসপাতালের ষষ্ঠ তলার সিঁড়িঘরে পৌঁছান এবং সেখান থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করতে সক্ষম হন।
সোমবার সকালে ভুক্তভোগীর স্বামী হাসপাতালে পৌঁছালে পুরো বিষয়টি জানতে পারেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের বাবার লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।