Home সারাদেশ  রাউজানের ‘ধামা ইলিয়াস’ গ্রেপ্তার: মাসুদ হত্যা মামলায় ২ দিনের রিমান্ড

 রাউজানের ‘ধামা ইলিয়াস’ গ্রেপ্তার: মাসুদ হত্যা মামলায় ২ দিনের রিমান্ড

অস্ত্র উঁচিয়ে ভাইরাল হওয়া ছবি এবং মো. ইলিয়াস
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাউজান ( চট্টগ্রাম): রাউজানে বহুল আলোচিত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং একাধিক মামলার অভিযুক্ত ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস (৪৭) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ইলিয়াসের গ্রেপ্তারে রাউজানজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সংশ্লিষ্টরা।
গত সোমবার ঢাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৮ জুলাই) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইলিয়াসকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের স্বার্থে পুলিশ জিজ্ঞাসাবাদের আবেদন জানালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান ও রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সার্বিক নিরাপত্তা বজায় রেখে আসামিকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
১৮টি মামলা ও অপরাধমূলক রেকর্ড
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ধামা ইলিয়াস মূলত কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর অন্যতম সহযোগী মোহাম্মদ রায়হানের প্রধান অনুসারী হিসেবে অপরাধ জগতে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে কেবল রাউজান থানাতেই রয়েছে ১৬টি। এই ১৮টি মামলার মধ্যে পাঁচটিই হত্যা মামলা।
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ জুলাই রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে মোটরসাইকেলে স্ত্রী ও কন্যার সামনে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। বহুল আলোচিত সেই হত্যা মামলারও অন্যতম প্রধান আসামি এই ধামা ইলিয়াস।
মাসুদ হত্যাকাণ্ডের পটভূমি
গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নির্মম এই হত্যাকাণ্ড ঘটিয়ে অস্ত্র উঁচিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে এলাকা ত্যাগ করে ঘাতকচক্র।
ঘটনার ৬০ ঘণ্টা পর নিহতের বড় ভাই বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী মোহাম্মদ রায়হানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন জানান, দেশের ব্যাপক আলোচিত এই মাসুদ হত্যা মামলায় ইলিয়াসসহ এ পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
 খবর পেতে businesstoday24.com ফলো করুন।