Home First Lead ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আজ থেকে

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আজ থেকে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের প্রান্তিক ও নিম্নআয়ের নারীদের অর্থনৈতিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আজ যাত্রা শুরু করছে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান এই প্রতিশ্রুতি আজ বাস্তবায়নের পথে হাঁটছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পাইলট প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে মোট ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবার এই কর্মসূচির আওতায় সরাসরি মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।
এই কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর স্বচ্ছতা এবং প্রযুক্তিগত আধুনিকায়ন। উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপ বা স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়নি। স্থানীয় পর্যায়ের কমিটিগুলোর মাধ্যমে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে সফটওয়্যারের মাধ্যমে ‘প্রক্সি মিনস টেস্ট’ বা দারিদ্র্য সূচক মান নির্ণয়ের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য সরবরাহ করা হবে আধুনিক স্পর্শবিহীন (Contactless) চিপ সম্বলিত কার্ড, যাতে কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তি যুক্ত রয়েছে।
সম্পূর্ণ প্রক্রিয়াটি জি-টু-পি (Government to Person) পদ্ধতিতে সম্পন্ন হওয়ায় ভাতা সরাসরি সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হওয়ার পাশাপাশি সরকারি সহায়তার অর্থ শতভাগ নিশ্চিতভাবে দরিদ্র নারীর হাতে পৌঁছাবে।
উল্লেখ্য যে, একটি পরিবারে কেবল একটি কার্ড ইস্যু করা হবে এবং কার্ডধারী নারী অন্য কোনো সরকারি সুবিধা পেলে সেই সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য অন্যান্য সরকারি সুবিধা গ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে। পাইলট প্রকল্পের জন্য জুন ২০২৬ পর্যন্ত ৩৮.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নারীপ্রধান পরিবারগুলোকে অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
আরও এমন সব তথ্যবহুল সংবাদ পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।