Home বিনোদন প্রতারণার জালে অভিনেত্রী বর্ষা উসগাঁওকর

প্রতারণার জালে অভিনেত্রী বর্ষা উসগাঁওকর

বর্ষা উসগাঁওকর
বিনোদন ডেস্ক: বিনিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন জনপ্রিয় মরাঠী অভিনেত্রী বর্ষা উসগাঁওকর। অভিযোগ উঠেছে, জনৈক অবিনাশ যাদব নিজেকে প্রযোজক এবং আবাসন নির্মাতা হিসেবে পরিচয় দিয়ে বর্ষা উসগাঁওকর, অভিনেত্রী মৃণালিনী সুভাষ জাম্ভলেসহ মোট পাঁচ জনের থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই মুম্বইয়ের শিবাজী পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। অভিযুক্ত অবিনাশ যাদব ডোম্বিবলীতে একটি নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিটার্ন দেওয়ার টোপ দেন মৃণালিনীকে। পূর্ব পরিচিত হওয়ায় মৃণালিনী তার কথায় বিশ্বাস করেন এবং বর্ষা উসগাঁওকরসহ আরও তিন বিনিয়োগকারীকে এই প্রকল্পে যুক্ত করেন।
২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের মধ্যে তারা সকলে মিলে চেক এবং অনলাইন লেনদেনের মাধ্যমে মোট ৪৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন।
প্রাথমিকভাবে বিনিয়োগকারীরা রিটার্ন হিসেবে ৪.৫২ লক্ষ টাকা ফেরত পেলেও এরপরই শুরু হয় বিপত্তি। টাকা পাওয়ার পর থেকেই অভিযুক্ত অবিনাশ বেপাত্তা হয়ে যান। বিনিয়োগকারীদের এড়াতে তিনি নিজের ফোন নম্বর এবং বাসভবনও বদলে ফেলেন বলে অভিযোগ।
অনেক খোঁজাখুঁজির পর ডোম্বিবলীতে তার সন্ধান পাওয়া গেলেও তিনি বকেয়া টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং উল্টে বিনিয়োগকারীদের হুমকি দিতে থাকেন।
পরিস্থিতি বেগতিক দেখে আক্রান্তরা পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে অভিযুক্ত অবিনাশ যাদবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ৫০৬ (ফৌজদারি ভীতি প্রদর্শন) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্ল্যামার জগতের পরিচিত মুখ হয়েও এভাবে প্রতারণার শিকার হওয়ায় স্তম্ভিত অনুগামীরা।

বিনোদনের এমন আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন ।