Home সারাদেশ রামগড়-বলিপাড়া সড়ক যেন মরণফাঁদ: সংস্কারহীন পথে জনজীবনের নাভিশ্বাস

রামগড়-বলিপাড়া সড়ক যেন মরণফাঁদ: সংস্কারহীন পথে জনজীবনের নাভিশ্বাস

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়ন পরিষদ থেকে বলিপাড়া পর্যন্ত বিস্তৃত ইটসোলিং সড়কটি বর্তমানে এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের কোনো ছোঁয়া না লাগায় সড়কটির সিংহভাগ ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারো সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন অংশে ইটের সলিংয়ের অস্তিত্ব প্রায় বিলীন। উঠে যাওয়া ইটের জায়গায় কাদা-মাটির বড় বড় গর্ত দৃশ্যমান। সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত মরণফাঁদে পরিণত হয়, যা যান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলোবালির প্রভাবে অতিষ্ঠ হয়ে পড়েন পথচারীরা। বিশেষ করে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ছোট ছোট যানবাহন চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি বেহাল হওয়ার ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসাপ্রার্থী ও গর্ভবতী নারীরা। অনেক সময় সংকটাপন্ন রোগীদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কোনো জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে না।  সাধারণ মানুষকে এই ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সড়কটির এমন জরাজীর্ণ দশায় স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জনস্বার্থে এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল।

ভিজিট করুন www.businesstoday24.com