Home অন্যান্য ‘বিদেশি কায়দায়’ প্রপোজের নামে প্রেমিককে হত্যা

‘বিদেশি কায়দায়’ প্রপোজের নামে প্রেমিককে হত্যা

বিজনেসটুডে২৪ ডেস্ক: সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হলো বেঙ্গালুরুর ব্যাদাহাল্লি এলাকা। ‘পশ্চিমা কায়দায়’ বিয়ের প্রস্তাব দেওয়ার ছলে ডেকে এনে হাত-পা বেঁধে প্রেমিককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। পুলিশ এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।
নিহত যুবকের নাম কিরণ (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারী প্রেমা এবং কিরণ রাজাজিনগরের একটি মোবাইল দোকানে একসঙ্গে কাজ করতেন। সেই সূত্র ধরেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, কিরণ সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন—এমন সন্দেহ থেকেই প্রেমা এই ভয়ংকর খুনের পরিকল্পনা করেন।
যেভাবে ঘটানো হয় এই নৃশংসতা
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন বাড়িতে কেউ নেই জানিয়ে কিরণকে ডেকে পাঠান প্রেমা। সেখানে তিনি কিরণকে একটি বিশেষ ‘ফরেন স্টাইল’ বা পশ্চিমা ঢঙে প্রপোজ করার প্রস্তাব দেন। সেই আচারের অংশ হিসেবেই তিনি কিরণের হাত-পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। সরল বিশ্বাসে কিরণ এতে বাধা দেননি। কিন্তু হাত-পা বাঁধা অবস্থায় কিরণ যখন পুরোপুরি অসহায়, তখনই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশের সন্দেহ, এই বীভৎস দৃশ্যটি অভিযুক্ত নারী নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ডও করেছেন।
তদন্ত ও গ্রেপ্তার
ঘটনার পর প্রেমা দাবি করেছিলেন যে, তিনি বাথরুমে থাকাকালীন কিরণ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশের জেরায় তার বয়ানে একাধিক অসঙ্গতি প্রকাশ পায়। ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, কেরোসিন আগে থেকেই বাড়িতে মজুত রাখা হয়েছিল এবং এটি কোনোভাবেই আত্মহত্যা নয়।
ইতিমধ্যেই অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ভিডিও রেকর্ডিংয়ের বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিজিট করুন: www.businesstoday24.com